জমজ কন্যার বাবা-মা হলেন আদিত্য শীল ও অনুষ্কা রঞ্জন
বলিউড অভিনেতা আদিত্য শীল ও অভিনেত্রী অনুষ্কা রঞ্জন দম্পতির ঘর আলো করে এসেছে জমজ কন্যাসন্তান। রোববার (২৩ আগস্ট) দুই মেয়ের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আদিত্য।
ইনস্টাগ্রামে একটি বিশেষ কার্ড প্রকাশ করে আদিত্য জানান, তাদের দুই মেয়ের নাম রাখা হয়েছে ‘ভিরা রঞ্জন শীল’ ও ‘মাহী রঞ্জন শীল’। সন্তানদের আগমনে তাদের জীবন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে উঠেছে বলেও জানান তিনি।
সন্তান জন্মের আগে অনুষ্কার দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। চিকিৎসার সময় তাকে প্রায় ১৫০টি ইনজেকশন নিতে হয়েছিল, যা শারীরিকভাবে বেশ কষ্টকর ছিল। শুরুতে ভয় পেলেও পুরো সময় অনুষ্কার পাশে ছিলেন আদিত্য। চিকিৎসার প্রতিটি ধাপে তিনি স্ত্রীকে সাহস ও মানসিক সমর্থন দিয়েছেন।
২০২৩ সাল থেকে সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন এই দম্পতি। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর অনুষ্কা জানতে পারেন, স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা তার ক্ষেত্রে মাত্র ১৫ শতাংশ। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারা সন্তান নেওয়ার প্রক্রিয়া শুরু করেন।
আদিত্য ও অনুষ্কার পরিচয় হয় ২০১৭ সালে একটি অনুষ্ঠানে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিয়ে করেন তারা।
দীর্ঘ প্রতীক্ষা ও চিকিৎসার নানা ধাপ পেরিয়ে এবার দুই কন্যার বাবা-মা হয়েছেন আদিত্য ও অনুষ্কা। নতুন দুই সদস্যের আগমনে দাম্পত্য জীবনে যোগ হয়েছে নতুন আনন্দ ও আবেগের অধ্যায়।
মতামত দিন