Views Bangladesh Logo

ফ্যামিলি কার্ড প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে, সেই অর্থ আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘এটি বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত এবং প্রকল্পটি নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে। এই প্রকল্পের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। কারণ এর মাধ্যমে গ্রামে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে সরকার আশা করছে।’

প্রকল্পটি পরিচালনার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেন মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে কিছু ছোটখাটো ভুল হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ভুলের পরিমাণ এক শতাংশও থাকবে না। আমরা এরই মধ্যে পাওয়া সমস্যাগুলো শনাক্ত করেছি এবং সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে।’

ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এই উদ্যোগটি কেবল একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, বরং এর লক্ষ্য আরও সুদূরপ্রসারী।

তিনি আরও জানান, ‘ফ্যামিলি কার্ড প্রকল্পটি শুধু একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, বরং এটি একটি মানবিক উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।’

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ