ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচনের দিন মেট্রো ট্রেনের চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি বাড়তি ট্রেন চালানো হবে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
ভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি থাকলেও রাজধানীর যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছে ডিএমটিসিএল।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের জন্য ঘোষিত ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের প্রবেশ ও বহির্গমন গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো খোলা থাকবে।
এদিকে নির্বাচনকালীন সময়ে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, আবশ্যকীয় নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট স্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল থাকবে।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচনসংশ্লিষ্ট কাজে কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে