শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল
নবজাতক মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের দেড় মাসের মাথায় অবশেষে কার্যক্রম পুনরায় চালু করার অনুমোদন পেয়েছে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক কিছু শর্ত জুড়ে দিয়ে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ওই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনর্বহাল করা হয়েছে।
তবে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। শর্তানুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষকে 'মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২'-এর সকল বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
এছাড়া লাইসেন্সের শর্ত মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
মতামত দিন