আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল ও এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (১৫ জুন) রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অমানবিক সেবার কারণে আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চাইলে অন্য হাসপাতালে প্র্যাক্টিস করতে পারবে। তাদের আরও হাসপাতাল রয়েছে, প্রয়োজনে সেখানে তাদের স্থানান্তর করা যেতে পারে।’
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, গত ১১ জুন এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। একই সাথে তিন দিনের মধ্যে সেখানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেলেও আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমে কোনো বাধা থাকছে না বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, কলেজের সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী অন্য যেকোনো হাসপাতালে সংযুক্ত করা হবে। এর ফলে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা ও ব্যবহারিক প্রশিক্ষণ (ক্লিনিক্যাল প্র্যাক্টিস) চালিয়ে যাওয়ার সুযোগ উন্মুক্ত থাকছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, হাসপাতালটির বিরুদ্ধে সেবা নিয়ে অমানবিকতার অভিযোগ এবং নবজাতকদের মৃত্যুর ঘটনায় প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতেই সরকার এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

মতামত দিন