Views Bangladesh Logo

আদ্-দ্বীন হাসপাতালের ব্যাখ্যা সন্তোষজনক নয়, শিগগিরই আইনি পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, এই ব্যাখ্যা সন্তোষজনক নয় এবং বিষয়টি পর্যালোচনা করে খুব শিগগিরই পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে উত্তর দিয়েছে, তা মোটেও সন্তোষজনক নয়। তাদের দেওয়া তথ্যগুলো খুবই অস্পষ্ট এবং ধোঁয়াশাপূর্ণ।’

গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ (অপারেশন পরবর্তী) ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে মারা যায়। এই মর্মান্তিক ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিবেশগত ত্রুটি এবং অন ডিউটি (দায়িত্বরত) চিকিৎসক ও নার্সদের চরম গাফিলতির প্রমাণ মিলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যে ওয়ার্ডটিতে নবজাতকদের রাখা হয়েছিল, তা শিশু ও অস্ত্রোপচার হওয়া রোগীদের থাকার উপযোগী ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং এয়ার কন্ডিশনার (এসি) ব্যবস্থা নিয়মিত সচল ছিল না।

এতে আরও বলা হয়, ঘটনার সময় ওই ওয়ার্ডে কোনো দায়িত্বশীল চিকিৎসক উপস্থিত ছিলেন না। ফলে শিশুদের অবস্থা যখন খারাপ হতে শুরু করে, তখন তাদের জরুরি ও সময়মতো কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নবজাতকগুলো জন্মের সময় সম্পূর্ণ সুস্থ ছিল। তাদের কোনো নিবিড় পর্যবেক্ষণ (আইসিইউ) বা ইনকিউবেটর সহায়তার প্রয়োজন ছিল না। কিন্তু হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো জরুরি পদক্ষেপ নিতে পারেনি।

এছাড়াও তদন্তে হাসপাতালটির কাঠামোগত সীমাবদ্ধতা, তদারকির অভাব এবং প্রশাসনিক বড় ধরনের ঘাটতি চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন ও হাসপাতালের অস্পষ্ট জবাব নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা সভা শেষে দ্রুতই আদ্-দ্বীন হাসপাতালের জবাবদিহিতা ও শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ