৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঘটনাটিকে কেন্দ্র করে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কর্তৃপক্ষকে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে হাসপাতালের মালিক সেখ মহিউদ্দিনকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ রোববার (৭ জুন) বিকেল ৪টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল পরিচালনায় গুরুতর অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, কর্মী ও রোগীর স্বজনদের বক্তব্যও নেওয়া হয়।
প্রতিবেদনের বরাতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল পরিচালনায় ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান যথাযথভাবে মানা হয়নি। গুরুতর এ অবহেলার কারণেই শিশুদের মৃত্যু ঘটে বলে তদন্ত কমিটি প্রাথমিকভাবে মত দিয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, হাসপাতালটি সংশ্লিষ্ট আইনের ৮ ধারা অনুযায়ী নিবন্ধিত হলেও বিধি লঙ্ঘনের কারণে কেন লাইসেন্স বাতিল করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে জানানো হয়, তদন্তে হাসপাতালের অবকাঠামোগত ঘাটতি ও ব্যবস্থাপনাগত ত্রুটিও উঠে এসেছে। বিশেষ করে পোস্ট-অপারেটিভ কক্ষে দীর্ঘ সময় এসি বন্ধ থাকা ও বায়ু চলাচল ব্যবস্থার ঘাটতির কারণে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যায়—যা মৃত্যুর ঝুঁকি বাড়ায় বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে রোববারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতক একে একে মারা যায়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে