আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তবুও শেষ পর্যন্ত হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে সব মানুষের সেবা করতে চাই। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ—সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা এখন আদ্-দ্বীনের পক্ষে কথা বলছে। এই শাস্তি সবার জন্য শিক্ষা হবে।
অনুষ্ঠানে মন্ত্রী তার নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ করতে পাইলটিং স্কিম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রতিটি ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা প্রাথমিক সেবা দিয়ে সিদ্ধান্ত নেবে রোগী হাসপাতালে নেওয়া প্রয়োজন কি না। এভাবে চিকিৎসা ব্যবস্থা সহজ করা হবে।
তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় ৩ হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে শিশু ও নারীদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্যসচিব আবদুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তর রোগীদের নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

মতামত দিন