Views Bangladesh Logo

আদ-দ্বীন হাসপাতালকে শোকজের জবাব দিতে হবে রোববারের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব আগামীকাল রোববার সন্ধ্যার মধ্যে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে আইন অনুযায়ী লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।

শনিবার (৬ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে স্বাস্থ্য খাতের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সকাল ১০টা পর্যন্ত সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রবীন্দ্র সরণি থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ে অতিরিক্ত এক লাখ স্যালাইন সরবরাহ করা হবে। এর আগে বিদেশ থেকে বিনামূল্যে এক লাখ স্যালাইন এসেছে, ফলে মোট মজুত দাঁড়িয়েছে দুই লাখে। ডেঙ্গু চিকিৎসায় এসব স্যালাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে আরও স্যালাইন সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ