ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে একের পর এক নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তার স্থলে পরিচালনা পর্ষদ অধ্যাপক জামালুন্নেসাকে নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৬ জুন) এক লিখিত বিবৃতিতে এসব তথ্য জানান ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ছয় শিশু মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন পরিবার গভীরভাবে মর্মাহত। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তিনজন স্বতন্ত্র পরামর্শকের নেতৃত্বে কাজ চলছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটিও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক। ২৫ বছরেরও বেশি সময় ওই বিভাগে শিক্ষকতা করেছেন তিনি। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি অর্জন করেন।
১৯৮০ সাল থেকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। বর্তমানে এর অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং একাধিক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৯ বছরে প্রায় এক কোটি ৫৭ লাখ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। চলতি বছরের ১১ জুন পর্যন্ত বহির্বিভাগে দৈনিক গড়ে প্রায় দুই হাজার রোগী সেবা নিয়েছেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রায় এক হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মীর অধিকাংশই নারী। মেডিকেল কলেজে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন অধ্যয়ন করছেন।
বিবৃতির শেষে রোগীর নিরাপত্তা, মানসম্মত চিকিৎসা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।
মতামত দিন