Views Bangladesh Logo

এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটির ঢাকা কার্যালয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, প্রতারকরা সংস্থার পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে এডিবি স্পষ্ট করে জানিয়েছে, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো আর্থিক সহায়তা দেয় না। একই সঙ্গে কোনো ব্যক্তির কাছে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত তথ্য চায় না কিংবা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না।

এডিবির ভাষ্য, তাদের নামে এ ধরনের যেকোনো প্রস্তাব বা যোগাযোগ সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে সংস্থার কোনো সম্পর্ক নেই।

জনসাধারণকে এ ধরনের প্রতারণামূলক যোগাযোগে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়ে সংস্থাটি বলেছে, কেউ যদি এডিবির নামে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তবে বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে এডিবি সরকার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। তাই ব্যক্তিপর্যায়ে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তার নামে কোনো যোগাযোগ এলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

এর আগে বিশ্ব ব্যাংকের নাম ব্যবহার করেও দেশে একই ধরনের ভুয়া ঋণের প্রতারণার ঘটনা সামনে আসে। সে সময়ও সংস্থাটির ঢাকা কার্যালয় জনসাধারণকে সতর্ক করেছিল।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির বর্তমানে ৬৮টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে ৪৯টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সংস্থাটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন দেশে অর্থায়ন ও উন্নয়ন সহযোগিতা দিয়ে থাকে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ