চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ
চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৩ দশমিক ৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে, তবে পরবর্তী অর্থবছরে প্রবৃদ্ধি পুনরুদ্ধার হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত এডিবির সাম্প্রতিক ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে।
বাংলাদেশ বিষয়ক অংশটি বুধবার বিকেলে ঢাকায় এডিবির অফিসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে সামগ্রিক মূল্যস্ফীতি ১০ দশমিক ২ শতাংশ হলেও আগামী অর্থবছরে তা কমে ৮ শতাংশে নেমে আসবে। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় এ বছর প্রবৃদ্ধি কম হবে।
তবে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আগামী অর্থবছরে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে সহায়ক হবে। তবে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে