মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের এক ইউনিট
বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত; এ সময়ে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা কমে অর্ধেক হবে
ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে বন্ধ করা হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
তবে একই সক্ষমতার অন্য ইউনিটটি এ সময়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যাবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কাজের পরিকল্পনা করা হয়েছিল। গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এতে সম্মতি দেয়।
রক্ষণাবেক্ষণের সময় কেন্দ্রটির প্রয়োজনীয় যন্ত্রপাতি পরীক্ষা ও সার্ভিসিং করা হবে। পাশাপাশি ভবিষ্যতে কারিগরি ত্রুটি এড়াতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।
গড্ডায় আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। দুটি ইউনিটের প্রতিটির সক্ষমতা ৮০০ মেগাওয়াট। তবে বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশে কেন্দ্রটি থেকে মোট ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা। একটি ইউনিট বন্ধ থাকায় এ সময়ে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা অর্ধেকে নেমে আসবে।
২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে গড্ডা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি। ২০২৩ সালের ৯ মার্চ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
শীতের শুরুতে দেশে বিদ্যুতের চাহিদা কমে আসার মধ্যেই কেন্দ্রটির একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হচ্ছে।
ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমলেও নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে বিদ্যুৎ আমদানি আগের মাসের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে।
অক্টোবরের প্রথম ১৫ দিনে দৈনিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল। নভেম্বরের একই সময়ে তা বেড়ে ৪ কোটি ৬০ লাখ ইউনিটে দাঁড়ায়।
আমদানি করা বিদ্যুতের তুলনায় দেশে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি হওয়ায় আমদানি বাড়ানো হয়েছে বলে ওই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।
এর আগেও কারিগরি ত্রুটি ও কয়লা সরবরাহের সংকটে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ কমেছিল।
গত ১০ সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে গড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। তিন দিন পর, ১৩ সেপ্টেম্বর ইউনিটটি আবার উৎপাদনে ফেরে।
এনএলডিসির তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় আদানির কেন্দ্র থেকে ১ হাজার ৪৩০ দশমিক ০৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গিয়েছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর ১০ সেপ্টেম্বর তা কমে ৬৯১ দশমিক ৪৪ মেগাওয়াটে নেমে আসে।
মতামত দিন