দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ চায় এডাব
দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর চেয়ারম্যান আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার মিরপুরে হীড বাংলাদেশ কনভেনশন সেন্টারে এডাবের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাগত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাদক, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, নারী নির্যাতন ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা মোকাবিলার পাশাপাশি দুর্নীতি প্রশমনে কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
সভায় এডাবের ৪৫তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ ছাড়া নিরীক্ষক নিয়োগ, ২০২৬-২৭ অর্থবছরের (জুলাই ২০২৬ থেকে জুন ২০২৭) বাজেট ও কর্মপরিকল্পনা পেশ করা হয়। সদস্যদের মতামত গ্রহণের পর এসব প্রস্তাব অনুমোদন করা হয়। এ সময় এডাবের নিজস্ব স্থায়ী কার্যালয় নির্মাণের চলমান উদ্যোগ বাস্তবায়নে সদস্য সংস্থাগুলোর সহযোগিতা কামনা করা হয়।
উন্মুক্ত আলোচনায় সদস্য প্রতিনিধিরা এডাবের বিভাগীয় সম্মেলন আয়োজন, বড় এনজিওগুলোর সহায়তায় ছোট এনজিওগুলোর কার্যক্রম টিকিয়ে রাখা এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল সংগ্রহে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ ও সংগঠনের দৃশ্যমান কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।
আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ), মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ, যৌন সহিংসতা ও বাল্যবিবাহ রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় এডাবের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ ছাড়া এনজিওগুলোর কাজের স্বীকৃতি, অর্থায়ন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) লাইসেন্স প্রাপ্তি এবং কর-ভ্যাট অব্যাহতির মতো বিষয়ে এনজিওবিষয়ক ব্যুরো, এমআরএ ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর যোগাযোগ, অ্যাডভোকেসি ও লবিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন সদস্যরা।
এনজিওগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সম্মেলন আয়োজনের প্রস্তাবও দেন বক্তারা।
সভায় সারা দেশ থেকে এডাবের দুই শতাধিক সদস্য সংস্থার প্রতিনিধি অংশ নেন।
মতামত দিন