Views Bangladesh Logo

সংসদ এলাকায় তীব্র পানিসংকট, ঘোলা পানি পান করে অসুস্থ চিফ হুইপ

জাতীয় সংসদ এলাকায় পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, গত ২-৩ দিন ধরে সংসদ এলাকায় ঘোলা পানি সরবরাহ করা হচ্ছে, যা পান করে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

চিফ হুইপ বলেন, “আমরা কয়েকদিন ধরে ঘোলা পানি পাচ্ছি। এই পানি পান করার কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করব।”

তিনি আরও জানান, সংসদ এলাকায় দৈনিক প্রায় ১ কোটি লিটার পানির চাহিদা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ২৭ লাখ লিটার। এই বড় ঘাটতির কারণেই সংকট তীব্র হচ্ছে।

সংসদ সদস্যদের আবাসন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১০ এপ্রিলের মধ্যে তাদের বাসা বরাদ্দ দেওয়া হবে। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নষ্ট থাকলেও সেগুলো মেরামত করা হয়েছে। নিরাপত্তাসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে এবং শিগগিরই সংসদ সদস্যরা বাসায় উঠতে পারবেন বলে আশ্বস্ত করেন তিনি।

বৈঠকে সংসদের হাসপাতালসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। সেখানে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজিং গাড়ির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এদিকে সংসদের সাউন্ড সিস্টেম এখনও ঠিকভাবে কাজ করছে না জানিয়ে চিফ হুইপ বলেন, সেটি উন্নত করার চেষ্টা চলছে। প্রয়োজন হলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ