তৃতীয় দফায় অস্ত্রোপচারের টেবিলে অভিনেত্রী তানিয়া বৃষ্টি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও ব্রেন টিউমারের জটিল অস্ত্রোপচারের মুখোমুখি হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে তাকে।
নিজের এই কঠিন লড়াইয়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এর আগে দুই দফা অস্ত্রোপচার হলেও সম্পূর্ণ সুস্থতার লক্ষ্যে এবার তৃতীয়বারের মতো সার্জারি করতে হচ্ছে। অপারেশনের আগে ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি লিখেছেন, ‘তৃতীয় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’
তার এই ছোট বার্তায়ই জীবনের প্রতি গভীর ভালোবাসা ও অদম্য সাহসের প্রকাশ পেয়েছে। পোস্টটি প্রকাশের পর সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রার্থনায় ভরে ওঠে সামাজিক মাধ্যম। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
জানা যায়, গত ফেব্রুয়ারিতে তার অসুস্থতার শুরু। ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথমবার ব্রেন টিউমারের অস্ত্রোপচার হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই শহরে নেওয়া হয়।
সেখানে গত ৯ মার্চ দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পর অবস্থার ভিত্তিতে এবার তৃতীয়বারের মতো তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছেন ভক্ত ও সহকর্মীরা। চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন টিউমারের মতো জটিল রোগের ক্ষেত্রে একাধিকবার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।
এখন সবাই অপেক্ষা করছেন তার সফল অস্ত্রোপচার এবং সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফেরার সুখবরের জন্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে