Views Bangladesh Logo

ছাত্র আন্দোলনের পোস্টার নিয়ে আইনি ঝামেলায় অভিনেত্রী শ্রীলেখা

কলকাতায় শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর ছবি সংবলিত একটি পোস্টার হাতে রাখার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, বিষয়টি ইচ্ছাকৃত ছিল না।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম থানাসহ আরও কয়েকটি জেলায়ও অভিযোগ জমা পড়েছে।

গত ২৪ জুলাই নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে কলকাতায় শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেন শ্রীলেখা মিত্র। সে সময় তার হাতে থাকা একটি পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিকর ছবি ছিল বলে অভিযোগ ওঠে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো গ্রহণ করা হলেও এখনো কোনো এফআইআর দায়ের করা হয়নি। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩ ও ৩৫৬ ধারার উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে শ্রীলেখা মিত্র বলেন, একটি নির্দিষ্ট পোস্টার হাতে থাকা আমার ছবি ভাইরাল হয়েছে। আমি বিজেপির বিরোধিতা করতে পারি, কিন্তু আমাকে রাষ্ট্রবিরোধী বলা সম্পূর্ণ অযৌক্তিক। আমি ইচ্ছাকৃতভাবে ওই পোস্টার হাতে নিয়েছিলাম—এ দাবিও ভিত্তিহীন।

তিনি দাবি করেন, বিক্ষোভের সময় শিক্ষার্থীদের সঙ্গে দৌড়ঝাঁপের মধ্যে ছিলেন তিনি। প্রয়োজনীয় চশমা সঙ্গে না থাকায় পোস্টারে কী ছিল, তা স্পষ্টভাবে দেখতে পারেননি।

অন্যদিকে অভিযোগকারী বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন নাগরিক হিসেবেও বিষয়টি তার কাছে আপত্তিকর। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এখন পর্যন্ত শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগগুলোর তদন্ত শেষে পুলিশ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ