Views Bangladesh Logo

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার

প্রথম সন্তানের মা হলেন টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার। রোববার সকালে তাঁর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। নবজাতক ও মা দুজনেই ভালো আছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়।

২০২৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল। তবে নিজেদের সম্পর্ক কিংবা ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই সংযত থেকেছেন এই দম্পতি।

গত জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেবিবাম্পের একগুচ্ছ ছবি প্রকাশ করেন সোহিনী ও শোভন। সেখানেই তাঁরা আনুষ্ঠানিকভাবে জানান, শিগগিরই তাঁদের পরিবারে নতুন সদস্য আসছে।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গেছেন সোহিনী। বেশ কিছু সিরিজ ও সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সন্তানের জন্মের আগে স্বামীকে সঙ্গে নিয়ে বেবিমুনেও গিয়েছিলেন অভিনেত্রী।

সেই ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে সোহিনী বলেছিলেন, ‘আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।’ পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিওও শেয়ার করেছিলেন তিনি। তখন থেকেই নতুন অতিথির আগমনের অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা।

অবশেষে রোববার সেই অপেক্ষার অবসান হলো। পুত্রসন্তানের মা-বাবা হলেন সোহিনী ও শোভন।

তবে মা হওয়ার খবর প্রকাশের পর পুরোনো একটি মন্তব্য নিয়েও আলোচনায় আসেন সোহিনী। ২০২৪ সালে আরজি কর-কাণ্ডের পর তিনি বলেছিলেন, ‘আমি চাই না, আমার সন্তানকে এমন একটা দেশে নিয়ে আসতে।’ পরবর্তী সময়ে অবশ্য নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী।

সোহিনী জানিয়েছিলেন, ‘এমন মনে হয়েছিল ঠিকই, কিন্তু আমি সব সময়ই মা হতে চেয়েছি। সেইমতো সঠিক সময় পরিকল্পনা করেছি। আশা করছি, ভবিষ্যতে সব দিক সামলে নেব। যে আসবে, সে যাতে এই পৃথিবীতে সব পরিস্থিতির মুখোমুখি হতে পারে, তেমন করেই মানুষ করার চেষ্টা করব।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ