শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করলেন অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী
বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।
রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় তিনি এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করেন, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেন।
অভিনেত্রীর দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামে অন্য এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। জেবা তাকিয়া নামে ওই নারী অভিযুক্ত ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন। ভুল পরিচয়ের কারণে তাকেই ওই ব্যক্তি মারধর করেন। ঘটনার সময় উপস্থিত থাকা ইমন নামের একজন পরিস্থিতি শান্ত করার পরিবর্তে তাকে ওই নারীর পরিচয় স্বীকার করার ইঙ্গিত দেন।
মামলায় অভিনেত্রী অভিযোগ করেন, নির্যাতনের সময় তার হাত-পা বেঁধে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। তিনি আরও দাবি করেন, তাকে গলা চেপে ধরা, চুল টেনে ধরা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে, যার ফলে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
মতামত দিন