অভিনেত্রী শেলি ফ্যাবারেস মারা গেছেন
জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘দ্য ডোনা রিড শো’ ও ‘কোচ’-এর অভিনেত্রী শেলি ফ্যাবারেস মারা গেছেন। শনিবার লস অ্যাঞ্জেলেসে অসুস্থতার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্বজনদের মধ্যে রয়েছেন তাঁর স্বামী ও ‘এমএএসএইচ’ খ্যাত অভিনেতা মাইক ফ্যারেল। ১৯৮৪ সালে তাঁরা বিয়ে করেন।
এক বিবৃতিতে পরিবার জানায়, শেলি তাঁর পরিবার ও বন্ধুদের কাছে ভালোবাসা, শক্তি, হাসি ও স্বস্তির উৎস ছিলেন। তাঁর উষ্ণতা, উদারতা, রসবোধ ও ব্যক্তিত্ব তাঁকে কাছের মানুষদের জীবনে বিশেষ করে তুলেছিল।
১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত আট মৌসুম প্রচারিত ‘দ্য ডোনা রিড শো’-তে মেরি স্টোন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান শেলি। চরিত্রটি ছিল ডোনা স্টোনের কিশোরী মেয়ে। ডোনা স্টোন চরিত্রে অভিনয় করেছিলেন ডোনা রিড।
টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর গানেও নিজের ভাগ্য পরীক্ষা করেন শেলি। ১৯৬২ সালে তাঁর গাওয়া ‘জনি অ্যাঞ্জেল’ গানটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠে আসে। তবে পরে শেলি মজা করে জানিয়েছিলেন, তিনি খুব ভালো গান গাইতে পারতেন না এবং গানটির ক্ষেত্রে অনেকটাই ডাবিংয়ের ওপর নির্ভর করতে হয়েছিল।
টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন শেলি। ১৯৬০-এর দশকে জনপ্রিয় গায়ক ও অভিনেতা এলভিস প্রিসলির সঙ্গে পরপর তিনটি সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাগুলো হলো ‘গার্ল হ্যাপি’ (১৯৬৫), ‘স্পিনআউট’ (১৯৬৬) ও ‘ক্ল্যামবেক’ (১৯৬৭)।
২০০০ সালের অক্টোবরে শেলির লিভার প্রতিস্থাপন করা হয়। এর আগে প্রায় দুই বছর তিনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষমাণ তালিকায় ছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন ও সিনেমায় অসংখ্য কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী।
মতামত দিন