‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আসন্ন ৭৫তম মিস ইউনিভার্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
সামিরা খান মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে। তবে শৈশব কেটেছে সিলেটে।
বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে অনুষ্ঠানস্থলে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। নিজের নাম শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এ সময় গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজনের আলিঙ্গন এবং একসঙ্গে মঞ্চে হাঁটার সময় দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।
ফাইনালে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী মিথিলা পরেছিলেন হালকা নীল ও রুপালি রঙের গাউন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের আরও অনেকে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন মাহি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক।
ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে পরিচিত সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্যও পরিচিতি পেয়েছেন তিনি। জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ের পর এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতা তুলে ধরার অপেক্ষায় এই অভিনেত্রী।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, তার বাবা-মা তাকে বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করে দেশে ফিরতে চান। তিনি জিতলে বাংলাদেশ জিতবে বলেও মন্তব্য করেন।
এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। একই আসরে পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা। এবার তার উত্তরসূরি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।
মতামত দিন