Views Bangladesh Logo

অভিনেত্রী রিধির মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার প্রেমিক হাসিবুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়েছে। এ মামলায় হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, রিধিকার মা বাদী হয়ে শনিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি করেন। মামলায় হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন তিনি। ওই সময় তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পরে রিধিকার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, রিধিকা আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি মাজহারুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ ও আত্মহত্যার পেছনে কারও প্ররোচনা ছিল কি না, তা নিশ্চিত করা হবে। গ্রেপ্তার হাসিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য। তার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ