Views Bangladesh Logo

স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী রাজশ্রী

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ‘সেক্রেড গেমস’ এবং ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো ওয়েব সিরিজে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সম্প্রতি নিজের অসুস্থতার খবর প্রকাশ করেছেন।

জানা গেছে, তার শরীরে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজশ্রী দীর্ঘদিন ধরে সমান্তরাল বা আর্ট ঘরানার সিনেমার পরিচিত মুখ। নেটফ্লিক্সের ‘সেক্রেড গেমস’ সিরিজে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।

এরপর তিনি আরও কিছু বড় প্রজেক্টে কাজ করেছেন। তবে এবার তিনি অভিনয়ের জন্য নয়, বরং নিজের জীবনযুদ্ধের গল্পটি শেয়ার করেছেন।

হাসপাতাল থেকে দেওয়া বার্তায় রাজশ্রী জানিয়েছেন, তিনি ‘ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা’ বা প্রথম পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুরুতে তিনি বিষয়টি নিজের বাবা-মাকেও জানানোর সাহস পাননি, কারণ ভীতি ছিল যে তারা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আপনারা যখন এই লেখাটি পড়ছেন, তার মানে আমি অবশেষে আমার বাবা-মাকে জানাতে পেরেছি যে আমার ‘গ্রেড ওয়ান’ স্তন ক্যানসার ধরা পড়েছে। এখন আপনাদের সবার জানার সময় এসেছে।’

রাজশ্রী আরও বলেন, ‘সৌভাগ্যবশত নিয়মিত চেক-আপের সময় বিষয়টি ধরা পড়ে। এরপর প্রচুর পরীক্ষা এবং অস্ত্রোপচারের চড়াই-উতরাই পার করতে হয়েছে। তবে সবার ভালোবাসা ও উষ্ণতা আমাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা-বাবার মুখ দেখে আমার ভয় শক্তিতে পরিণত হয়েছে। আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। শিগগিরই হাসপাতাল থেকে বাড়ি ফিরব।’

রাজশ্রীর এই সাহসিকতার গল্প নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং তার সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ