Views Bangladesh Logo

চিত্রনায়িকা পূজা চেরীর বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। মিজানুর রহমানের করা প্রতারণার মামলায় আজ শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

ওসি রাকিবুল হাসান বলেন, ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ভুক্তভোগী মিজানুর রহমান। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমরা এখন লেনদেনের স্টেটমেন্টগুলো যাচাই করছি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার প্রলোভন দেখিয়ে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন দেবু প্রসাদ রায়। পরে একই অজুহাতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা নেন তিনি। বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটে আরও ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান ভুক্তভোগী।

মিজানুর রহমানের অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে তালবাহানা করেন এবং পরে হুমকিও দেন। এভাবে সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি। পূজা চেরীর সঙ্গে পূর্বপরিচয়ের কারণেই টাকা দিয়েছিলেন বলেও জানান মিজানুর। তিনি বলেন, আমি থানায় মামলা করেছি। বাকি কথা আদালতে বলব।

এ বিষয়ে পূজা চেরী গণমাধ্যমকে বলেন, এই অভিযোগ বা মামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি পারিবারিক হলেও এ সম্পর্কে আমার কোনো তথ্য নেই। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিজ্ঞ আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ