Views Bangladesh Logo

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে আপত্তিকর ভাষায় গালি দিলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এ সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং তাকে উদ্দেশ করে গালিগালাজ করার অভিযোগ উঠেছে পরীমনির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন পরীমনি। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক গণমাধ্যমকর্মীর ওপর ক্ষিপ্ত হন পরীমনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’ এরপর ওই সাংবাদিকের দিকে বারবার হাত উঁচিয়ে তেড়ে যান তিনি।

পরীমনির অভিযোগের জবাবে ওই সাংবাদিক বলেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি। পাল্টা অভিযোগ করে সাংবাদিক জানতে চান, তার ট্রাইপড কেন ভেঙে দেওয়া হয়েছে। এ সময় পরীমনির সঙ্গে থাকা আরেক ব্যক্তিকেও সাংবাদিকের বিরুদ্ধে টানাহেঁচড়ার অভিযোগ করতে শোনা যায়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।

এ ঘটনায় সমকালের মাল্টিমিডিয়া ইনচার্জ শাহাদাত তনিম জানান, তাদের প্রতিবেদক রবিউল ইসলাম রাজুর মোবাইল ফোন পরীমনি কেড়ে নিয়েছিলেন। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়। বিষয়টি নিয়ে পরীমনির সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে বুধবার (৪ নভেম্বর) একই মামলায় আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি বলে সময় চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। অন্যদিকে, আসামিদের জামিন বাতিলের আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

পরদিন বৃহস্পতিবার সকালে আদালতে উপস্থিত হন পরীমনি। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন। মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে গত বছরের ২৬ জানুয়ারি বিচার শুরুর নির্দেশ দেন আদালত। ওই দিনও আদালতে অনুপস্থিত থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ