রেশন পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাত জাহানকে তলব
রেশনের গম ও চাল পাচারের অভিযোগ ঘিরে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে তলব করেছে। নির্ধারিত দিনে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে বলা হয়েছে তাকে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রেশন দুর্নীতি ও সীমান্ত দিয়ে খাদ্যশস্য পাচারের একটি মামলায় এই তলব। করোনাকালে সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক ট্রাক আটক করা হয়েছিল, যেগুলোতে সরকারি রেশনের গম ও চাল বাংলাদেশে পাচারের অভিযোগ ওঠে। সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান। তদন্তের অংশ হিসেবে সেই সময়ে তার ভূমিকা সম্পর্কে জানতে চায় ইডি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ। এ বিষয়ে এখনো নুসরাত জাহানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে