Views Bangladesh Logo

এসএসসি পাস করলেন অভিনেত্রী ইসরাত

ছোটপর্দার পরিচিত মুখ ইসরাত অতিথি এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন জিপিএ ৪।

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন ইসরাত। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়টি ভক্ত ও সহকর্মীদের প্রশংসা পেয়েছে।

সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাফল্যের খবরটি শেয়ার করেন ইসরাত। ফল প্রকাশের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ইসরাতের পড়াশোনার পথটিও ছিল কিছুটা চ্যালেঞ্জিং। নবম শ্রেণি পর্যন্ত তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। পরে ধারাবাহিকটির শুটিংয়ের ব্যস্ততা বাড়তে থাকায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

এ কারণে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে চলে আসেন তিনি। এরপর অল্প সময়ের মধ্যেই নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেন।

শুধু তাই নয়, টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথমও হয়েছিলেন ইসরাত। শেষ পর্যন্ত এসএসসিতেও প্রত্যাশিত ফল অর্জন করে অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ