রাস্তার ধারে ইফতারের রান্নায় অংশ নিয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী
রাস্তার ধারে ইফতারের রান্নায় অংশ নেওয়ায় কটাক্ষের মুখে পড়েছেন সলমন খানের ‘জয় হো’ ছবির অভিনেত্রী ডেজ়ী শাহ। নির্বাচনী প্রচারের সময় রাস্তায় বাজি পোড়ানোর বিরোধিতা করেছিলেন তিনি। সেই পুরনো অবস্থানের জেরেই এবার সমাজমাধ্যমে সমালোচনার শিকার হতে হলো তাকে।
সম্প্রতি একটি ইফতার আয়োজনে রাস্তায় দাঁড়িয়ে খাবার প্রস্তুতে সহযোগিতা করতে দেখা যায় ডেজ়ীকে।
সেই ভিডিও ছড়িয়ে পড়তেই একাংশ নেটিজেন প্রশ্ন তোলেন—যিনি রাস্তায় বাজি পোড়ানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন, তিনিই কীভাবে রাস্তায় ইফতারির আয়োজন করছেন?
সমালোচনার জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ধর্মের নামে ঘৃণা ছড়াচ্ছেন, খুব ভালো কথা। চালিয়ে যান। আশা করছি, আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
গত বছর একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে রাস্তায় বাজি পোড়ানো নিয়ে সরব হয়েছিলেন ডেজ়ী। তিনি দাবি করেছিলেন, তার বাড়ির পাশের রাস্তায় বাজি পোড়ানো হচ্ছিল, যা পথচলতি মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সেই পোস্ট সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, অভিনয়ে আসার আগে ডেজ়ী সহকারী কোরিয়োগ্রাফার হিসেবে কাজ করতেন গণেশ আচার্যের সঙ্গে। ২০১১ সালে অভিনয়জগতে পা রাখেন তিনি। কন্নড় ছবি ‘ভদ্রা’য় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।
পরে ২০১৪ সালে সলমন খান অভিনীত ‘জয় হো’ ছবিতে কাজ করে বলিউডে নজর কাড়েন। যদিও এরপর সেইভাবে বলিউডে নিজের অবস্থান পোক্ত করতে পারেননি। সর্বশেষ ২০২৪ সালে ওয়েব সিরিজ ‘রেড রুম’-এ দেখা গেছে তাকে। সূত্র: আনন্দবাজার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে