স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর দুই দিনের রিমান্ড
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লবী থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে জাহের আলভীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জাহের আলভী তার স্ত্রী ইকরাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপমানজনক, উস্কানিমূলক এবং মানসিক নির্যাতনমূলক বিভিন্ন বক্তব্য পোস্ট করতেন। বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উস্কানিমূলক মন্তব্যও করেন বলে অভিযোগ রয়েছে। মামলার রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানিতে জাহের আলভী নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতের উদ্দেশে তিনি বলেন, আমি এমন একটি পরিস্থিতির মধ্যে আছি যে শোক পালন করব, নাকি কী করব বুঝতে পারছি না। আমরা দুজনই পরিণত মানুষ ছিলাম। প্রেম করে বিয়ে করেছি। আমাদের মধ্যে খুনসুটি, অভিমান ও ঝগড়া ছিল, কিন্তু এমন কিছু ঘটেনি যে ইকরা আত্মহত্যা করবে।
এর আগে ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় জাহের আলভী নেপালে অবস্থান করছিলেন।
সেদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় জাহের আলভীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
মতামত দিন