Views Bangladesh Logo

অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর

চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) ভোর রাত সাড়ে তিনটার দিকে তাকে তার খালাতো ভাই অপুর জিম্মায় তুলে দেয়া হয়।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, ভোর রাতে সমু চৌধুরীকে তার খালাতো ভাই অপুর কাছে হস্তান্তর করেছি। এ সময় অভিনয় শিল্পী সংঘের কয়েকজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১১ জুন) রাত আনুমানিক ১২টার দিকে তিনি ঢাকা থেকে একটি মোটরসাইকেলে করে ময়মনসিংহের পাগলা থানার অন্তর্গত মুখী শাহ্ মিসকিন মাজারে পৌঁছান। পরদিন বৃহস্পতিবার দুপুরে মাজার সংলগ্ন একটি বিশাল বটগাছের নিচে গামছা বিছিয়ে ঘুমিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয় এক যুবক মামুন তার সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে, তিনি জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। সমু চৌধুরী নিজেও তার পরিচয় দেন। এরপর মামুন তার কয়েকটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাগলা থানার ওসি, সেনাবাহিনী এবং একটি চিকিৎসক দল ঘটনাস্থলে যান। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সবকিছু নিশ্চিত হওয়ার পর তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ