অভিনেতা সোহেল খান আর নেই
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, পরিচালক মোহাম্মদ ইকবালের ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় জানান, বগুড়ার হোটেল মম ইনে সিনেমাটির শুটিং চলছিল। সকালে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে হোটেলের কক্ষ থেকে বের হওয়ার সময় মাটিতে পড়ে যান সোহেল খান। এ সময় তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতামত দিন