অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ
রাজধানীর কাকরাইলে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলাবার (২৯ এপ্রিল) আনুমানিক বিকেল সাড়ে চারটায় এ হামলার ঘটনা ঘটে। এরপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, উত্তেজিত একদল মানুষ সিদ্দিককে ঘিরে ধরে মারধর করছেন। এতে তার পরনের কাপড় ছিঁড়ে যায়। শারীরিকভাবেও তিনি ক্ষতিগ্রস্ত হন। পরে তাকে রমনা থানায় সোপর্দ করেন উত্তেজিতরা।
রমনা থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ভিউজ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কি কারণে তাকে মারধর করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সিদ্দিকুর রহমানের বাড়ি টাঙ্গাইলের মধুপুর। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের হয়ে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।
তার অভিনয় জীবন শুরু হয় আরামবাগ থিয়েটারের মঞ্চ থেকে। ‘রাজারগল্প’, ‘পেজগি’, ‘বলদ’সহ অনেক মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে যাত্রা শুরু করা সিদ্দিক পরে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন।
২০০৫ সালে দীপংকর দীপনের নাটক ‘রৌদ্র ও রোদেলার কাব্য’-তে ‘কাউয়া সিদ্দিক’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাটকে অভিষেক হয় তার। এরপর ‘কবি বলেছেন’, ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’ ও ‘মাইক’ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে