অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম
চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়ি ফিরে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।
এ বিষয়ে অভিযুক্ত দুই কর্মচারী ও সমু চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সমু চৌধুরী যশোর শহরের বেজপাড়া এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।
মতামত দিন