রাজশাহীতেই সমাহিত হবেন অভিনেতা শামস সুমন
জনপ্রিয় অভিনেতা শামস সুমনকে রাজশাহীতেই সমাহিত করা হবে। বুধবার তার ছোট ভাই রাশেদ ইবনে ওবাইদ রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর রাজশাহী নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেতেমখাঁ কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানা গেছে, তার স্ত্রী ও সন্তানরা লন্ডন থেকে ঢাকায় পৌঁছে ভোরে মরদেহ নিয়ে রাজশাহী যাবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের ঝাউতলা মিঠুর মোড়ে তাদের নিজ বাসায় মরদেহ রাখা হবে, যাতে শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৬১ বছর। এর আগে ঢাকায় চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়।
রাজশাহীতে জন্ম ও বেড়ে ওঠা শামস সুমন পড়াশোনা করেছেন রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ। ছাত্রজীবন থেকেই তিনি অভিনয় ও আবৃত্তিতে পারদর্শিতা দেখান।
তিনি বাংলাদেশ বেতারের একজন পরিচিত কণ্ঠশিল্পী ও আবৃত্তিকার ছিলেন এবং রাজশাহী আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। পরবর্তীতে ঢাকায় এসে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পান।
চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন এবং ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে