Views Bangladesh Logo

রাহুলের মৃত্যুতে মামলা, ৫ জনের বিরুদ্ধে সমন জারি

একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হওয়া টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ওড়িশার তালসারির মেরিন থানায় এফআইআর দায়ের করেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে সমন জারি করেছে ওড়িশা পুলিশ।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন ধারাবাহিকটির প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, সহ-পরিচালক শুভাশিস মন্ডল, নির্বাহী প্রযোজক শান্তনু নন্দী ও ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী।

ভারতীয় দণ্ডবিধির ১০৬(১), ২৪০ ও ৩(৫) ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের প্রয়োজনে ওড়িশা পুলিশ কলকাতায়ও আসতে পারে।

গত ৫ এপ্রিল কলকাতার রিজেন্ট পার্ক থানায়ও অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। সে সময় তার সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাশিস রায়।

এ ছাড়া গত ৭ এপ্রিল আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের পক্ষ থেকে ম্যাজিক মোমেন্টসকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতের ইতিবাচক রায় না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ