এক ঘণ্টার বেশি পানির নিচে ছিলেন অভিনেতা রাহুল, ফুসফুসে মিলল বালি
পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম ও দিঘা সংলগ্ন তমলুক হাসপাতাল সূত্রের বরাতে জানা যায়, শুটিং চলাকালে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তার ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ও নোনা পানি পাওয়া গেছে। একইভাবে খাদ্যনালি, শ্বাসনালি ও পেটে বালি ও পানি পাওয়া গেছে।
চিকিৎসকদের মতে, এসব উপসর্গ থেকে ধারণা করা হচ্ছে তিনি দীর্ঘ সময়—প্রায় এক ঘণ্টারও বেশি পানির নিচে ছিলেন রাহুল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এত দীর্ঘ সময় পানিতে ডুবে না থাকলে ফুসফুস এভাবে ফুলে যেত না।
এদিকে তমলুক হাসপাতাল থেকে তার মরদেহ কলকাতার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে ছিলেন সিরিয়ালের প্রোডাকশন ম্যানেজার, গাড়িচালকসহ সংশ্লিষ্টরা।
পুলিশ ইতোমধ্যে শুটিংয়ের ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে। তদন্তকারীরা বলছেন, ঘটনার আগে-পরে কী হয়েছিল তা স্পষ্ট করতে ফুটেজ বিশ্লেষণ করা হবে।
টলিউড শিল্পী সংগঠনের অভিনেতা দিগন্ত বাগচী জানান, রাহুল শুটিং শেষে পানিতে নেমেছিলেন এবং পরে তিনি ডুবে যান বলে সহকর্মীরা দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
অন্যদিকে সিরিয়ালের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, শুটিংয়ের সময় গভীর পানিতে যাওয়ার কোনো দৃশ্য ছিল না। ফলে তিনি কেন পানিতে গিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।
সহকর্মী ও শিল্পীরা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে