আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মামুনুর রশীদের শারীরিক অবস্থা গুরুতর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে তার।
বুধবার (২৫ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। বুধবার বিকেলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু অভিনেতার অসুস্থতার খবর নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি মামুনুর রশীদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অভিনেতার ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন মামুনুর রশীদ। গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দেশটির একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার দুই ফুসফুসে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন আইসিইউতে থাকতে হয়েছিল তাকে।
চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন এই অভিনেতা। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি। দেশে ফিরে আবারও অভিনয় ও নাট্যচর্চায় যুক্ত হন। সম্প্রতি নেপাল সফরে গিয়ে দেশটির একটি স্থানীয় মঞ্চনাটক নির্দেশনা দেন তিনি।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় ও নাট্যনির্দেশনার সঙ্গে যুক্ত রয়েছেন মামুনুর রশীদ। দেশের নাট্যাঙ্গনে অভিনয়শিল্পী ও নির্দেশক হিসেবে রয়েছে তার বিশেষ অবদান। নাট্যকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
মতামত দিন