থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। পাহাড়ের ওপর শুটিং শেষে স্কুটিতে করে নিচে নামার সময় তাঁদের বহনকারী স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে দুজনই আহত হন। বর্তমানে তাঁরা দেশটির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর খায়রুল বাসার জানান, তাঁরা কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন। কাজও ঠিকঠাক চলছিল। একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। সেখানে পাহাড়ের ওপর শুটিং শেষ করে নিচে নামার সময় হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর দুজনই স্কুটিসহ পড়ে যান।
দুর্ঘটনাটি খুব দ্রুত ঘটায় শুরুতে তাঁরা কিছুই বুঝে উঠতে পারেননি। এ সময় শুটিং দলের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে খায়রুল বাসার ও মেহেদী রনিকে উদ্ধার করেন।
দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও তাঁর কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বাসার বলেন, তাঁরা এখন পাতায়ায় রয়েছেন এবং সেখানকার হাসপাতালে চিকিৎসা নেবেন। শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিং বাতিল করতে হয়েছে বলেও জানান তিনি।
চিত্রগ্রাহক মেহেদী রনি আরও বেশি আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর শরীরের বেশ কিছু অংশের চামড়া উঠে গেছে। দুজনেরই এক্স-রে করানোর কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত দিন