কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে বড় ধরনের কোনো আঘাত ছাড়াই অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিজেই প্রকাশ করেন জোভান।
পোস্টে তিনি জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তবে মহান আল্লাহর রহমতে বড় কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার অভিজ্ঞতা তাকে সড়ক নিরাপত্তা সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জোভান লেখেন, অনেক সময় চালকরা মনে করেন একটু বেশি গতিতে চালালে সমস্যা হবে না কিংবা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত আস্থা রাখেন। কিন্তু দুর্ঘটনা কখন, কোথায় এবং কীভাবে ঘটবে, তা আগে থেকে কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতাও জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে।
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করতে তিনি সবাইকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি মানুষের জন্য তার পরিবার ও প্রিয়জন অপেক্ষা করে থাকে। তাই দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেয়ে নিরাপদে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ।
জোভানের এই পোস্ট প্রকাশের পর ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। অনেকেই দুর্ঘটনা থেকে নিরাপদে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন।
মতামত দিন