Views Bangladesh Logo

ভুল মন্তব্যের জন্য ফেসবুকে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করলেন ফারহান আহমেদ জোভান

ঠাৎ করেই ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি দুঃখিত’। সেখানে তিনি জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত কিছু বিষয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, যা তাঁর মন থেকে আসেনি।

ভিডিও বার্তায় জোভান বলেন, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি কিছু ভুল কথা বলেছেন। এসব বক্তব্য ছিল স্ক্রিপটেড ও সাজানো, যা তাঁকে আগে থেকেই শিখিয়ে দেওয়া হয়েছিল। এ জন্য তিনি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চান। যদিও তিনি নির্দিষ্ট করে কোনো ব্যক্তিগত প্রসঙ্গের কথা উল্লেখ করেননি, তবে কয়েক দিন আগে প্রেম ও ব্যক্তিজীবন নিয়ে একটি পডকাস্টে তাঁর মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে জোভানের পাশে তাঁর স্ত্রীকে বসে থাকতে দেখা যায়। কেন স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি। একপর্যায়ে তিনি হাতে একটি চিঠি নিয়ে সেটি দেখে বক্তব্য দিতে থাকেন এবং বলেন, অনুষ্ঠানে তিনি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে ফেলেছেন, যা তাঁর বলা ঠিক হয়নি।

এই সময় পেছনে বসা স্ত্রীর দিকে তাকালে তিনি সম্মতি জানান এবং পরে দুজনই হাসতে থাকেন। এরপর আবারও দুঃখ প্রকাশ করে জোভান বলেন, সমাজ ও স্ত্রীর কাছে তিনি লজ্জিত এবং আশা করেন, তাঁর স্ত্রী তাঁকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বক্তব্যের শেষ দিকে মজা করে তিনি বলেন, ‘আর তো কিছু বলার নাই, সবই বলেছি।’ এ কথায় তাঁর স্ত্রী হাসতে থাকেন।

উল্লেখ্য, সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ শীর্ষক একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রথমবারের মতো নিজের প্রেম ও বিচ্ছেদের অভিজ্ঞতা প্রকাশ করেন জোভান। সেখানে তিনি জানান, অভিনয়জীবনের কয়েক বছর পর এক মাসের একটি সম্পর্কে জড়িয়েছিলেন, যা ভেঙে যাওয়ার পর তিনি তীব্র মানসিক চাপে পড়েন। একপর্যায়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদে ফেলেছিলেন বলেও জানান তিনি। এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ