Views Bangladesh Logo

বাসায় ঢুকে নাট্য অভিনেতা আজাদকে দুর্বৃত্তদের গুলি

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এসময় দুর্বৃত্তদের মারধরে অভিনেতার স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন্নাহার আহত হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে তার পায়ে তিন রাউন্ড গুলি করে।

পুলিশ জানায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ আশুলিয়ায় পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। ভোরে দোতলা বাসার রান্নাঘরের গ্রিল কেটে দুইজন দুর্বৃত্ত পিস্তল নিয়ে ভেতরে প্রবেশ করে। পরে অভিনেতা আজিজুর রহমানের দুই পায়ে তিনটি গুলি করে ও তার স্ত্রী রোকসানা হকের মাথায় কড়াই দিয়ে আঘাত করে। এসময় আজিজুরের মা আজিজুন্নাহারও আহত হন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় উদ্ধার করে তাদের শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করে।

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা.কামরুজ্জামান বলেন, অভিনেতা আজিজুরের শরীরে তিনটি গুলি লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিনেতার বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি। শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ