নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান লাইফ সাপোর্টে, অবস্থা সংকটাপন্ন
একুশে ও স্বাধীনতা পদকজয়ী বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
সোমবার (১১ মে) দুপুরে তার কন্যা শর্মিষ্ঠা রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) নিজ বাসায় আকস্মিকভাবে পড়ে যান আতাউর রহমান। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তৎক্ষণাৎ তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আইসিইউ সাপোর্টের পরামর্শ দেন। তবে সেখানে সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তির পর থেকেই তার অবস্থা সংকটাপন্ন হতে থাকে।
শর্মিষ্ঠা রহমান জানান, গত পরশু তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। তবে গতকাল আবার পরিস্থিতির অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আব্বার অবস্থা এখন বেশ জটিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে। দেশবাসীর কাছে আব্বার সুস্থতার জন্য দোয়া চাইছি।
প্রসঙ্গত, ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান, যিনি বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের নাট্যচর্চার বিকাশ ও বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও লেখক—সব ক্ষেত্রেই তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর রয়েছে। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে