Views Bangladesh Logo

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৯ আগস্ট) তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে আদালত-সংশ্লিষ্ট সূত্র। গ্রেপ্তারের পর তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুর ঘটনাটি হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের মধ্যে ডনের গ্রেপ্তারকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুরুতে তার মৃত্যুকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে সালমান শাহর পরিবার তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল এবং এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল।

দীর্ঘ সময় ধরে বিভিন্ন তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালে মামলাটিতে বড় ধরনের মোড় আসে। সালমান শাহর পরিবারের পক্ষ থেকে করা রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২০২৫ সালের ২০ অক্টোবর আগের অপমৃত্যুর মামলা বাতিল করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করা হয়।

নতুন মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিদের তালিকায় সামীরা হক ছাড়াও রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে মামলাটি হত্যামামলা হিসেবে নথিভুক্ত হওয়ার পর আদালত সামীরা হক ও আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ