কোনো ধরনের গাফিলতি পেলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চুরি, ডাকাতি, ছিনতাই রোধে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় বাহিনীর কারও বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারা দেশের সার্বিক পরিস্থিতি এবং সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সফলতা ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। এই অভিযান যেভাবে সাজিয়েছি, যদি আমার কোনো কর্মচারী বা বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
তিনি বলেন, এখানে কাউকে ছাড় দেয়া হবে না, সে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বা কারা অধিদপ্তর হোক; যারা ঠিকমতো কাজ করবে না তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
এ ছাড়াও অভিযানের সর্বশেষ আপডেট সম্পর্কে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্যি সংবাদটা পরিবেশন করেন, দেখেন ব্যবস্থা নেই কি না। দুই এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে