Views Bangladesh Logo

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগ পেলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

সোমবার (২৫ মে) সকালে গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। বিআরটিএ ভিজিল্যান্স টিমও মাঠে রয়েছে। কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছেন। আমাদের নজরে এলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলো যানজটমুক্ত রাখার কাজ চলছে।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত প্রতিটি পশুর হাটে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি হাটে দৃশ্যমান পুলিশি উপস্থিতি, সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্তকরণ যন্ত্র রাখা হয়েছে।

এছাড়া জাল নোট প্রতিরোধ এবং 'গাঁজা পার্টি' ও 'মলম পার্টি'র তৎপরতা ঠেকাতে ডিবিসহ সাদা পোশাকের পুলিশের বিশেষ দল চব্বিশ ঘণ্টা মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ