‘উপজেলা নির্বাচনের ভোটে মন্ত্রী-এমপিদের হস্তক্ষেপ দেখলেই ব্যবস্থা’
আসন্ন উপজেলা নির্বাচনে সরকারের মন্ত্রী ও এপিরা কোনো ধরনের ‘অবৈধ হস্তক্ষেপ’ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সুষ্ঠু ভোট অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রশাসনও ‘শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে’ বলে তিনি আশা প্রকাশ করছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) এক বিবৃতিতে কাদের বলেন, "কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করলেও দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।”
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মতামতের ‘সুস্পষ্ট প্রতিফলন’ ঘটবে এবং ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোট দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় এমপি ও নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।"
দেশের ৪৯৫ উপজেলায় এবার চার ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৮ মে, দ্বিতীয় ধাপে ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোট হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে