Views Bangladesh Logo

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশ ও ইউএনওপিএসের চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।

বৈঠকে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য ভারপ্রাপ্ত স্পিকারকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে তার হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়। জানানো হয়, ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান ব্যারিস্টার কায়সার কামাল। পাশাপাশি আমন্ত্রণ জানানোর জন্য ইউএনওপিএস প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের ভিত্তি সুদৃঢ় করতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা এবং দক্ষ ও কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছেন, যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, ইউএনওপিএস প্রতিনিধিদল স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করে। একই সঙ্গে ভবিষ্যতেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ