বঙ্গভবনে করবেন দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবন থেকে। তবে তিনি বসবাস করবেন জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনে।
শনিবার এ বিষয়ে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে শুক্রবার বিকেল থেকেই সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবন ও আশপাশে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়।
একই দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
পরে দুপুর সাড়ে ১২টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।
মতামত দিন