জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত সাবেক এই দুই রাষ্ট্রনায়কের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন হাফিজ উদ্দিন আহমদ।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন উপলক্ষে জিয়া উদ্যান এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জিয়া উদ্যান ও এর আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।
প্রসঙ্গত, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়। এর পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাংবিধানিক বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। দায়িত্ব নেওয়ার পর হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে অফিস করলেও তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনেই অবস্থান করবেন।
এদিকে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ো না করে স্পিকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি পদে নতুন কাউকে নির্বাচিত করার আগ পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মতামত দিন