Views Bangladesh Logo

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

বিদায় উপলক্ষে বঙ্গভবনে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। সেখানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করেন। পরে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে অস্থায়ী রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বঙ্গভবন ছাড়ার আগে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত প্রটোকল অনুযায়ী গাড়িবহর নিয়ে বঙ্গভবন ত্যাগ করেন তিনি। বঙ্গভবন থেকে প্রকাশিত ভিডিওতেও তাঁর গাড়িবহর বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

এদিকে, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব পালনের দিনেই দীর্ঘ ৩৫ বছর পর সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ